
স্টাফ রিপোর্টার, একাত্তর নিউজ২৪:
যশোরে পৃথক অভিযানে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের ফারুক হোসেন, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন, বসুন্দিয়ার বানিয়ারগাতি গ্রামের আজিজুল ইসলাম, শহরের শংকরপুর সন্ন্যাসী দিঘিরপাড়ের হাফিজুল ইসলাম, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু বক্কর সিদ্দিক, মুন্সিখানপুর গ্রামের সাইফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের সাইফুল ইসলাম বকুল এবং লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া বর্তমানেও তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এমন অভিযোগে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।