আজ - বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:১৯

যশোরে সংখ্যালঘুর চাঁদা না দেওয়ায় বসতবাড়ীসহ জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেওয়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বসুর কাছে একই এলাকার তবিবার রহমান মুকুল ও ৯নং আরবপুর ইউনিয়ন যুবলীগের এক নম্বর যুগ্ম আহবায়ক ভেকুটিয়া গ্রামের মীর ফিরোজ হাসান গত ১৫ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তার জঙ্গলবাধাল মৌজার দাগ নং ৩৩৩, ৩৩২, ৩৩১, ৩২৯, ৩২৫ ও ৩২৩-এর মোট ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে তাকে বেদখল করে রাখে।

অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে বিশ্বেশ্বর বসু নিজের বসতবাড়ী সহ জমিতে যেতে চাইলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জমিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিয়ে পুনরায় জমিতে গেলে তাকে মারধর, হত্যা বা গুরুতর ক্ষতি করা হবে।

ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু জানান, অভিযুক্তদের ভয়ে তিনি আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সুফল না পেয়ে তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে গত ১২ মার্চ কোতোয়ালি থানায় আরো একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত