আজ - শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৩৬

যশোর শহরকে জানজটমুক্ত করতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ১১কোটি টাকার প্রকল্প উদ্ভোধন করলেন অনিন্দ্য ইসলাম অমিত

একাত্তর ডেস্ক রিপোর্টার ॥ যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে গরীব শাহ’র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু নির্মাণ এবং কাঠেরপুল সেতু প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার যশোর পৌর সদরের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যশোরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায় রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই।” তিনি আরও জানান, আগামী বর্ষা মৌসুমের আগে গত বর্ষা মৌসুমের তুলনায় ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট কমিয়ে আনতে কাজ অব্যাহত রয়েছে।

এ ছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ যশোর গড়ার অঙ্গীকার করে প্রতিমন্ত্রী এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডে রায়পাড়া তুলাতলা রোড বাইলেনে অ্যাড. আলীর বাড়ি থেকে বেলাল মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডে নমসূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর-খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন; নুর ইসলামের বাড়ি থেকে রাজুর মোড় পর্যন্ত এবং সুরতে বাড়ি থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বি এম কামাল আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত