আজ - শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৫৯

যশোরের বসুন্দিয়ার মোড়ল ফারুক ১৭টি গরু কুরবানী দিয়ে ৫ হাজার হতদরিদ্রদের মাঝে বিতরন করে আলোচনায়

বসুন্দিয়া প্রতিনিধি, একাত্তর নিউজ :

পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘ফারুক মোড়ল ফাউন্ডেশন’। শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে যশোরের বসুন্দিয়া গাইদগাছি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাংস বিতরণের লক্ষ্যে বড় পরিসরে কোরবানির আয়োজন করে সংগঠনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে এবার একসাথে ১৭টি গরু কোরবানি দেওয়া হয়। পরে সুশৃঙ্খলভাবে এসব মাংস স্থানীয় প্রায় ৫ হাজার সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিশাল এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন ফারুক মোড়ল ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা। তাদের তত্ত্বাবধানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সাধারণ মানুষ মাংস সংগ্রহ করেন।

ঈদের দ্বিতীয় দিনে মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজারে মাংস কিনে খাওয়া অনেক নিম্নআয়ের মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের পরিবারের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

ফারুক মোড়ল ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ফারুক মোড়ল বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। এবার ১৭টি গরু কোরবানি দিয়ে প্রায় ৫ হাজার মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। তবে আমাদের কার্যক্রম শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত দরিদ্র মানুষের মাঝে মাসিক চাল বিতরণ, ঈদে পোশাক বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সুধীসমাজ ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত