
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে মহাবিপদ সংকেত নামিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলাসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিালোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।