আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৩৭

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন: রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের চেষ্টায়

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন: রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের চেষ্টায়

মোমিনুর রহমান,(সাতক্ষীরা): সাতক্ষীরা জেলা শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়।

হাসপাতালের পরিচালক আবুল হাসান জানান, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে এর উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত