আজ - বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:৩৫

আশাশুনিতে অভিযানে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, পালালেন দুই ব্যবসায়ী

আশাশুনিতে অভিযানে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, পালালেন দুই ব্যবসায়ী

মোমিনুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় র‍্যাবের অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আশাশুনি থানা পুলিশের সমন্বয়ে একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের কার্যক্রম চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযান টের পেয়ে অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান। মহিশকুড় সেটের মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও হারুনের বাগদা চিংড়ি পুশ করা অবস্থায় গিয়ে ধরে ফেলে পরে তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, অপদ্রব্য এবং ব্যবহৃত সিরিঞ্জ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং আশাশুনি থানার এসআই আব্দুর রউফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত চিংড়ি রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করা হয় এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ বিনষ্ট করা হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জব্দকৃত চিংড়ির পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩ থেকে ১৪ লাখ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে মোঃ ইলিয়াস হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন চারজনার মাছ একসাথে করে জরিমানা করেছে আমার হিসাব করে বলতে হবে ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত