আজ - বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৫৫

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে র‍্যাবের অভিযানে বিপুলপরিমান মাদকদ্রব্য জব্দ

মহেশপুর সীমান্তে র‍্যাবের অভিযানে বিপুলপরিমান মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা মূল্যের ৮১৮ বোতল ভারতীয় নিষিদ্ধ কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৬। বুধবার (২০ মে) ভোরে উপজেলার রুলী এলাকার আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমির সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রুলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৬-এর একটি দল। এ সময় একটি সাদা রঙের মাহিন্দ্র পিকআপকে থামার সংকেত দিলে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। ধাওয়া করার একপর্যায়ে উপজেলার বাগানমাঠ এলাকায় গাড়িটির সামনের ও পেছনের চাকা পাংচার হয়ে গেলে চালকসহ অন্যরা গাড়ি ফেলে পালিয়ে যান। পরে র‍্যাব সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতে পাশের একটি ডোবা থেকে ৮১৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ৪১৯ বোতল ফেয়ারডিল (FAIRDYL) এবং ৩৯৯ বোতল এসকফ (ESKUF) ব্র্যান্ডের সিরাপ রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫৪ হাজার টাকা। অভিযানে মাদক বহনে ব্যবহৃত মাহিন্দ্র পিকআপটিও জব্দ করা হয়।

মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত