আজ - সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:২৯

যশোরে সংবাদপত্র ও সাংবাদিকদের ছয় সংগঠনের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ

একাত্তর নিউজ ২৪ ডেস্ক :

যশোরে সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণাকারী চক্রকে সনাক্ত ও গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রেসক্লাব যশোরসহ সংবাদপত্র ও সাংবাদিকদের ছয়টি সংগঠন। রোববার দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সাথে মতবিনিময়ের পর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দুর্বৃত্ত চক্রকে কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, অর্ধশতাব্দির ঐতিহ্যবাহী প্রেসক্লাব, যশোর এই জেলার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। জেলার পেশাজীবী সকল সাংবাদিক এই ক্লাবের ছায়াতলে ঐক্যবদ্ধ। যশোরের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে এই জেলার সাংবাদিকরা যেমন তথ্যবহুল সংবাদ পরিবেশন করেন; তেমনি সমস্যা, সঙ্কট, জনদুর্ভোগ, জনআকাঙ্ক্ষা নিয়েও প্রতিবেদন প্রচারের মাধ্যমে সরকার ও প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে পাশে থাকেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র যশোরের পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন ও ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত কিছুদিন ধরে এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরের পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে সম্মানহানিকর প্রচারণা চালাচ্ছে। ভুয়া আইডি খুলে অপপ্রচারে নামা দুর্বৃত্ত চক্রটি যশোরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতা কেবল পেশাদার সাংবাদিকদের বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে তা নয়; জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় যশোরের সকল পর্যায়ের পেশাদার সাংবাদিকরা ক্ষুব্ধ।

গত ১১ মে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত যশোরের সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় এ ব্যাপারে উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে দুর্বৃত্ত চক্র। চক্রটি যশোরে প্রথম সারির পেশাদার সংবাদকর্মীদের নাম ও ছবি ব্যবহার করে কয়েকটি ভিডিও তৈরি করে। কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে তৈরি ভিডিওগুলো ওই পেজে উপস্থাপন করা হয়েছে। এর আগে বিভিন্ন নামে আরও কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা প্রচারণা চালানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, চিহ্নিত ‘ব্ল্যাকমেইলার চক্র’ পেশাদার সাংবাদিদের চরিত্র হনন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিও তৈরি ও অপপ্রচারে নেমেছে। সাংবাদিকতার নামে অবাধে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে জিম্মি করে অসাধূ উপায়ে অর্থ আদায়সহ নানা অসৎ উদ্দেশ্য চরিতার্থে বাধাগ্রস্ত হওয়ায় দুর্বৃত্ত চক্রগুলো এহেন অপকর্ম করছে। এসব চক্রের সাথে সাংবাদিক নামধারী টাউট-চাঁদাবাজ এমনকি পুলিশের কতিপয় সদস্যও জড়িত রয়েছে বলে নানাভাবে শোনা যাচ্ছে। সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ ও পেশাদার সাংবাদিকদের সুরক্ষার লক্ষ্যে সাংবাদিকতার নামে এমন অনৈতিক ও ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডে জড়িত দুর্বৃত্ত চক্রকে সনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ফেক আইডি খুলে পেশাদার সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো দুর্বৃত্ত চক্রের সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক না কেনো; দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। স্মারকলিপি প্রদানের আগে সাংবাদিক নেতৃবৃন্দ সামগ্রিক বিষয়টি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে অবহিত করেন।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তচক্রকে কোনোভাবেই আশ্রয়প্রশ্রয় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে এই চক্রের মুখোশ উন্মোচন করা হবে। ফেসবুক বা অনলাইনে প্রতারণা কিম্বা কোনো ধরনের ব্ল্যাকমেইলার চক্রকে যশোরে কোনো অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত