
যশোরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
একাত্তর নিউজ ২৪ ডেস্ক যশোর :
যশোরের কোতোয়ালি মডেল থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা-মৃত মোদাচ্ছের, মাতা-মনোয়ারা বেগম, সাং-বসুন্দিয়া (সদুল্যাপুর), থানা-কোতোয়ালি, জেলা-যশোর। তিনি নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাসানটেক থানা মিরপুর-১৪ ইউনিটের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ মে ২০২৫ তারিখে কোতোয়ালি উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করেন। সেখানে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, বৈঠকে উপস্থিত ব্যক্তিরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা” স্লোগান দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। পরবর্তীতে তারা বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দরজার তালা ভাঙচুর, অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন নেতার ছবি, ব্যানার, পোস্টার ও অন্যান্য সামগ্রী ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী বাধা দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। মামলার সাক্ষী হিসেবে রিয়াদুল হক মিল্টন (৫৮), মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ আশিক (৩২), মোঃ মাহবুব (২৮) ও মোঃ শরিফুল (৩৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নাজিম উদ্দিন, আজাদ কালু, এহসানুল হক লিটু, হাজী সুমন, আনোয়ার হোসেন বিপুল, মনসুর, চিমা, রাজু, আব্দুস সালাম, জাভেদ, রবিউল ইসলাম, বাবু, দাতাল বাবু, কামরুজ্জামান, আমিরুল, ইব্রাহিম শেখ, মাসুদ হোসেন, জিতু মোল্লা, মোহাম্মদ আলী, জিন্তুর রহমান মোল্লা, রাকিব, সিজন, ইসলাম বিশ্বাস, ইউসুফ, টুটুল, ইশা, মাহমুদুল হাসান লাইফ, আনিছুর রহমান, আব্দুল কাদের, ডাবলু, মুরাদ হোসেন, আফসার বিশ্বাস, রবি, জামির, শরিফুল, ইসলাম বিশ্বাস, রাজিবুল রাজিব ও আলমগীর কবির পিন্টুসহ ৩৯ জন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের সত্যতা তদন্তাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।