আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:১২

ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আসন্ন ঈদুল আযহার ছুটিতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ই-পেমেন্ট গেটওয়ে, পয়েন্ট অব সেল (পিওএস), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ক্ষেত্রে বেশকিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে রবিবার (৪ আগস্ট) এ সংক্রান্ত এক নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এটিএম সেবা সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, এটিএম সেবা সার্বক্ষণিক চালু নিশ্চিত ও বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে তার সমাধান করতে হবে। এছাড়া পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়। সেক্ষেত্রে এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে যে কোনো অংকের লেনদেনের তথ্য গ্রাহককে অবহিত করতে হবে।

এছাড়া ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতকর্তা অবলম্বনে প্রচার প্রচারণা চালানো, গ্রাহককে প্রতারিত করা যাবে না এবং সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা প্রদান করতে হবে। ইতোপূর্বে এ সংক্রান্ত জারিকৃত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত