আজ - সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:০৬

ড.ইউনুসের বিরুদ্ধে ২১ অভিযোগ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আইনি নোটিশ

একাত্তর নিউজ ডেস্ক, ঢাকা :

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগের অনুসন্ধান এবং তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম রেজিস্টার্ড ডাক ও কুরিয়ারযোগে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশটি পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের ১০ গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

আইনি নোটিশে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২১টি সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংককে বিশেষ কর সুবিধা দেওয়া, সরকারি শেয়ার কমিয়ে আনা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টে অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে।

 

জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেন, তদন্ত চলাকালে ড. ইউনূস যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাকে ‘এক্সিট কন্ট্রোল’-এর আওতায় আনার দাবি জানানো হয়েছে। তার দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে এরই মধ্যে আদালতে একটি রুল জারি রয়েছে। এছাড়া হামের টিকা না আসায় শিশুদের মৃত্যু, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) নিয়ে অনিয়মসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

ড.ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও আবেদন করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, তাদের মূল দাবি হলো ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিরপেক্ষ অনুসন্ধান বা তদন্ত করা। তিনি অভিযোগ করেন, হামের টিকা সংক্রান্ত ঘটনাসহ উচ্চপর্যায়ের দুর্নীতির বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, ড. ইউনূসের সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে সংবিধান লঙ্ঘন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও নোটিশে তুলে ধরা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ড. ইউনূসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও অভিযোগের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

এর আগে ‘শিশু স্বাস্থ্য ট্র্যাজেডি’ বা হামের টিকা সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল, যার প্রেক্ষিতে গত ১৯ মে তারিখে রুল জারি করেছিলেন আদালত।

সেই ধারাবাহিকতায় এবার এই সামগ্রিক অভিযোগের তদন্ত ও ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানানো হলো।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত