আজ - শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:২৩

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো এবং শিক্ষা উন্নয়নে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো এবং শিক্ষা উন্নয়নে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

মোমিনুর রহমান: সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার অবকাঠামো ও শিক্ষা খাতের উন্নয়নে সরকার ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বরাদ্দের অনুমোদন প্রদান করেছে।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফ জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করেছে।

বরাদ্দকৃত অর্থের আওতায় প্রথম পর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী ৬টি সড়ক নতুন করে নির্মাণ করা হবে। এছাড়া বাঁশদহা ইউনিয়নে ১টি, বল্লী ইউনিয়নে ১টি, ভোমরা ইউনিয়নে ২টি এবং বৈকারী ইউনিয়নে ১টি নতুন সড়ক নির্মাণ করা হবে। একই সঙ্গে আলিপুর ইউনিয়নের আরও ৫টি সড়কের সংস্কার কাজও সম্পন্ন করা হবে।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে ৩টি এবং পারুলিয়া ইউনিয়নে ১টি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতেও নেওয়া হয়েছে ব্যাপক উন্নয়ন উদ্যোগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ এবং আরও ১০টি প্রতিষ্ঠানের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৭টি স্কুল ও কলেজ ভবনের সংস্কার করা হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ১০টি প্রতিষ্ঠানের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১৫টি বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার করা হবে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের “সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ বাস্তবায়ন করা হবে। জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার করা হবে। পাশাপাশি অন্যান্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণ এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা সদর ও দেবহাটার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত